আগামীকাল ১০ আগস্ট শিল্পী এস এম সুলতানের ৮৬ তম জন্মবার্ষিকী।এ উপলক্ষে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ‘জীবনের রঙে আলোকিত হোক নতুন দিন’—এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে আয়োজন করেছে তিন দিনব্যাপী সুলতান উৎসবের। সুলতানমঞ্চ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তিন দিনব্যাপী চিত্রপ্রশিক্ষণ কর্মশালা, চিত্রপ্রদর্শনী, টেরাকোটা ও আলোকচিত্র প্রদর্শনী, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান। এস এম সুলতান আর্ট কলেজ চত্বরে তিন দিনব্যাপী চারুকলা কর্মশালার উদ্বোধনের মধ্য দিয়ে গতকাল থেকেই উৎসবের কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিল্পী কর্মশালায় অংশ নিচ্ছেন। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনোয়ার হোসেন।এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী, এস এম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অশোক শীলসহ প্রমুখ ব্যক্তিত্ব।বিকেলে সুলতানমঞ্চ চত্বরে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম ফজলুর রহমানসহ অনেকে।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সব মিলিয়ে সেখানে যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। উৎসবের আয়োজনে সহযোগিতায় রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলালিংক।
এই মহান শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।