কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে চন্দ্রাবতী একাডেমী প্রকাশ করেছে ‘শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক এক প্রবন্ধ সংকলন।গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই গ্রন্থটির মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব।চন্দ্রাবতী একাডেমীর চেয়ারম্যান ডা.আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রথিতযশা সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষিষ্ট সাহিত্যিক এবং ভাষাবিদ ড.হায়াৎ মামুদ এবং ধীমান সমালোচক ও রবীন্দ্র গবেষক ড.সফিউদ্দীন আহমদ।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘শুধুই রবীন্দ্রনাথ’ গ্রন্থের সম্পাদক কবি,সাহিত্যিক শাহাবুদ্দীন নাগরী এবং চন্দ্রাবতী একাডেমীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
আলোচনায় বক্তারা চন্দ্রাবতী একাডেমীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়ে বক্তব্য রাখেন।তারা বলেন রবীন্দ্র সাহিত্য মানুষকে আত্মনির্ভরশীল হতে শেখায়,মানুষকে ভালোবাসতে শেখায়।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পঁচিশটি বাছাইকৃত প্রবন্ধ নিয়ে প্রকাশিত এই গ্রন্থটির সম্পাদনা করেছেন কবি শাহাবুদ্দীন নাগরী। গ্রন্থটিতে রয়েছে আব্দুল মান্নান সৈয়দ,প্রফেসর আনিসুজ্জামান,আব্দুল গাফফার চৌধুরীর মত আরো অনেক প্রখ্যাত লেখকদের প্রবন্ধ। চন্দ্রাবতী একাডেমী এর আগেও আয়োজন করেছে মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী বীরেন সোমের চিত্র প্রদর্শনী এবং বীরেন সোমের উপর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।এছাড়া প্রকাশ করেছে ‘বদি মিয়ার রাজাকারের ডায়রী’,’আকাশ কুসুম’সহ বেশ কিছু সমৃদ্ধ প্রকাশনা।