শিল্পী সফিউদ্দীন আহমেদের চিত্রকর্ম নিয়ে এই প্রথমবারের মতো দুই পর্বের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হচ্ছে আজ শুক্রবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।আজ বিকেল পাঁচটায় ‘শিল্পের অশেষ আলো’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী ও শিল্পী কাইয়ুম চৌধুরী।
প্রদর্শনী উপলক্ষে গতকাল বেঙ্গল শিল্পালয়ের বেঙ্গল ক্যাফেতে এক প্রেস প্রিভিউর আয়োজন করা হয়।এতে জানানো হয়, প্রথম পর্বের এই প্রদর্শনীতে থাকবে তাঁর ছাত্রজীবন থেকে শুরু করে সাম্প্রতিক কালের ৬৩টি ছাপচিত্র। প্রদর্শনী চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১০ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় পর্বের প্রদর্শনী। এতে থাকবে ড্রয়িং ও পেইন্টিং। এই প্রদর্শনীটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।আলোচনায় শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্প সমালোচক সৈয়দ আজিজুল হক, শিল্পীর ছেলে শিল্পী আহমেদ নজির ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।