‘নারী নির্যাতনকে না বলুন,সত্যিকার পুরুষ হউন’ ‘ স্লোগান সামনে রেখে আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বামবার কনসার্ট। নারী সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করতেই বাংলাদেশ সরকার, বামবা ও ইউএনএফপিএর যৌথ আয়োজনে এ কনসার্ট। কনসার্টে গাইবে এলআরবি, নগর বাউল, মাইলস, সোলস, ওয়ারফেইজ, অর্থহীন, প্রমিথিউস, ক্রিপটিক ফেইথ, আর্টসেল, মেটাল মেইজ, পাওয়ার সার্জ ও লালন।
টিকিটের দাম ১৫০ টাকা। স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ১টা ৩০ মিনিটে। টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের গেটের সামনে।
কনসার্টে অংশগ্রহণকারী ১২টি ব্যান্ডের অংশগ্রহণে ‘আর নয়’ শিরোনামে একটি থিম সং তৈরি হয়েছে। এটি লিখেছেন রাজীব আহমেদ এবং সুর করেছেন মানাম আহমেদ।গানটির সংগীতায়োজন করেছেন অর্থহীনের রাফা।আজ মঞ্চে সবাই একসঙ্গে গানটি পরিবেশন করবে।
প্রায় দেড় মাস আগে এই আর্মি স্টেডিয়ামেই বামবা আয়োজন করেছিল ‘কনসার্ট ফর সুন্দরবন’।বর্তমান প্রজন্মের সন্তানদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে নারির প্রতি সহিংসতা রোধই এই কনসার্টের মূল উদ্দেশ্য।কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাভিশন।